শুল্ক নিয়ে দর কষাকষির চূড়ান্ত সময়সীমা জানিয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ১২:৫৩ পিএম


শুল্ক নিয়ে দর কষাকষির চূড়ান্ত সময়সীমা জানিয়ে দিলেন ট্রাম্প
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশে বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক হার ঘোষণা করে দেশগুলোকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে এই চড়া শুল্কের ব্যাপারে দর কষাকষির চূড়ান্ত সময়সীমাও জানিয়ে দিয়েছেন তিনি। 

যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর ঘোষিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সীমা আর পেছাবে না জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলেছেন, আগামী ১ আগস্ট থেকেই এসব শুল্ক পরিশোধ করা বাধ্যতামূলক হবে এবং কোনো ধরনের ছাড় বা সময়সীমা বৃদ্ধির সুযোগ থাকবে না।

মঙ্গলবার (৮ জুলাই) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক পোস্টে ট্রাম্প বলেন, গতকাল যেসব দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আজ, আগামীকাল ও সামনের কিছুদিনেও যেসব চিঠি পাঠানো হবে, সবগুলোতে পরিষ্কার বলা আছে—শুল্ক সংগ্রহ শুরু হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে। এই তারিখে কোনো পরিবর্তন আসেনি এবং আসবেও না। অর্থাৎ, ১ আগস্ট থেকেই সব অর্থ পরিশোধযোগ্য হয়ে যাবে। কোনো ধরনের সময় বাড়ানো হবে না।

এর আগে, গত ৭ জুলাই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের ওপর আমদানি শুল্কের নতুন হার ঘোষণা করেন। এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক ধার্য হয়েছে মিয়ানমার ও লাওসের ওপর। এছাড়া, বাংলাদেশকে আগের ১৫ শতাংশের সঙ্গে আরও অতিরিক্ত ৩৫ শতাংশ হারে শুল্ক আরোপের কথা জানানো হয়েছে।

অর্থাৎ, আগামী ১ আগস্টের মধ্যে ট্রাম্পের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশের রপ্তানিকারকদের ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হবে। 

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র নির্ভর করেই যাদের ব্যবসা, তাদের পথে বসাবে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষিতে আলোচকদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। 

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission